সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বই দেওয়ার আহ্বান

আপডেট : ১৫ মার্চ ২০২২, ০১:১৪ এএম

বইমেলা উপলক্ষে বিকাশের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বই সংগ্রহের উদ্যোগে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এবং জনপ্রিয় অভিনেতা ইরেশ যাকের।

গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও বইমেলা উপলক্ষে বিকাশের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল, কিছু প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের লাইব্রেরিতে বই দেওয়া হবে। মেলায় আসা ক্রেতা-পাঠক-লেখক-দর্শনার্থীদের দেওয়া বই, দেশ জুড়ে বিকাশ গ্রাহকসেবা কেন্দ্র, সুপার শপগুলোতে গ্রাহকদের প্রদান করা বই এবং বিকাশের পক্ষ থেকে দেওয়া বইগুলোকেই স্বেচ্ছাসেবী সংগঠন অভিযাত্রিক ফাউন্ডেশনের মাধ্যমে এ লাইব্রেরিগুলোতে বিতরণ করা হবে।

এরই অংশ হিসেবে গত রবিবার মেলায় বিকাশের বই সংগ্রহ বুথে নিজের লেখা বই প্রদান করে এ আহ্বান জানান জনপ্রিয় লেখক, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন। এর আগে বইমেলায় এসে শিশুদের বই প্রদান করে একই আহ্বান জানান জনপ্রিয় অভিনেতা ইরেশ যাকের, অভিনেত্রী অপি করিম ও অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ ইমতিয়াজ জামি। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত