নিত্যপণ্যের মজুতদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

আপডেট : ১৫ মার্চ ২০২২, ০৪:৫৬ পিএম

ভোজ্যতেল, পেঁয়াজ, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য যারা অবৈধভাবে মজুত করছে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকের নির্দেশনা চেয়ে করা এক রিট আবেদনের ওপর তিন দিন শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ নির্দেশ দেন।

পাশাপাশি বেআইনিভাবে ‘সিন্ডিকেট’ তৈরি ও পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা রোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সরকারের কাছে তা জানতে চেয়েছেন আদালত।

বাণিজ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, খাদ্যসচিব, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, টিসিবি চেয়ারম্যান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের আদেশ বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মহিদুল কবীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা তৈরি করতে গত ৬ মার্চ এই রিট আবেদন করেন সৈয়দ মহিদুল কবিরসহ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মহিদুল কবীর, মনির হোসেন ও মোহাম্মদ উল্লাহ।

বাণিজ্যসচিব, খাদ্যসচিব, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, এফবিসিসিআইয়ের সভাপতিসহ আটজনকে সেখানে বিবাদী করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত