স্কলাস্টিকার উদ্যোগে কিশোর উপন্যাসের ব্রেইল বই হস্তান্তর

আপডেট : ১৫ মার্চ ২০২২, ০৭:৩৮ পিএম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের অংশ হিসাবে স্কলাস্টিকার উদ্যোগে সোমবার (১৪ মার্চ) দৃষ্টিজয়ীদের জন্য তৈরি করা দেশের দুটি জনপ্রিয় কিশোর উপন্যাসের ব্রেইল বই হস্তান্তর করা হয়েছে।

সোমবার স্কুলের এসটিএম মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে বইগুলো হস্তান্তর করা হয়।

স্কলাস্টিকা উত্তরা সিনিয়র শাখার কমিউনিটি সার্ভিস ক্লাবের সহযোগিতায় তৈরি করা ব্রেইল উপন্যাস দুটো হচ্ছে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘সূর্যের দিন’ ও মুহম্মদ জাফর ইকবালের ‘আমার বন্ধু রাশেদ’। বই ‍দুটির ২০০ কপি স্পর্শ ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্পর্শ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাজিয়া জাবীন ও স্কলাস্টিকার উত্তরা সিনিয়র শাখার প্রিন্সিপাল ফারাহ্ সোফিয়া আহমেদ ও কমিউনিটি সার্ভিস ক্লাবের সভাপতি ফারহা তাজরিয়ান খান।

অনুষ্ঠানে দৃষ্টিজয়ী শিক্ষার্থীরা উপন্যাস দুটি থেকে কিছু অংশ পড়ে শোনায় এবং স্কলাস্টিকার সংগীত ক্লাবের সদস্যরা সংগীত পরিবেশন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত