জীবিকার উৎস ফসলি জমি রক্ষায় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বিভিন্ন সময় মৌখিক ও লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে অবশেষে মাটি কাটার ভেকু আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ঐক্যবদ্ধ গ্রামবাসী। পালিয়ে গেছে মাটি ব্যবসায়ী চক্র ও ভেকুচালক। গত সোমবার রাতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের হাতনি ফসলের মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাতনি ফসলের মাঠের সাত বিঘা জমির মাটি বিক্রির জন্য ক্রয় করে স্থানীয় সিরাজ সিকদার ও রাশেদুল গং। এসব জমির মাটি কাটার ফলে পাশের জমির মালিকরা ক্ষতিগ্রস্ত হন। তাই সোমবার রাতে মাটি কাটার খবর পেয়ে হাতনিসহ পার্শ্ববর্তী পানিশাইল, রামচন্দ্রপুর ও ধাইরাপাড় গ্রামের বিভিন্ন মসজিদের মাইকে বিষয়টি ঘোষণা করা হয়। এরপর চার গ্রামের লোকজন একত্রিত হয়ে ঘটনাস্থলে গিয়ে ভেকুটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। গতকাল মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সিংগাইর থানার শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাকির হোসেন জানান, তখন পর্যন্ত কোনো পক্ষের দিক থেকেই অভিযোগ পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে জনগণের যেকোনো প্রতিবাদে আমি সঙ্গে থাকব।’
