ইউক্রেনে রাশিয়ার আক্রমণের মুখে বিশ্ব বাজারে অস্থিরতা বাড়লেও বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছেন ঢাকায় সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।
তিনি বলেন, বিশ্ব পরিস্থিতি যা-ই হোক না কেন, বাংলাদেশে তেলের সরবরাহ স্থিতিশীল থাকবে।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বুধবার বেলা ১২টার পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের নেতৃত্বাধীন বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে সৌদি প্রতিনিধিদলের বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
এর আগে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছিলেন, দ্বিপক্ষীয় আলোচনায় বিনিয়োগসহ অবধারিতভাবে সৌদি আরবের শ্রম বাজার নিয়েও আলোচনা হবে।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, সবুজায়ন বাড়াতে সৌদি আরব ৫ হাজার কোটি গাছ রোপণ করতে চায়। এর মধ্যে ১ হাজার কোটি সৌদিতে এবং বিভিন্ন দেশে বাকি ৪ হাজার কোটি। এসব গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণে সৌদি আরবকে চারা সরবরাহ ও বৃক্ষ শ্রমিক দিতে আগ্রহী বাংলাদেশ। ফয়সালের সঙ্গে এ বিষয়ে আলাপ হয়েছে।
বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে সৌদি বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এরই মধ্যে ২০টি সৌদি কোম্পানি বিনিয়োগ করেছে বলেও উল্লেখ করেন।
এ ছাড়া হজে হয়রানি কমাতে উদ্যোগ নিচ্ছে দুই দেশ। ভিসা প্রক্রিয়ার সব কার্যক্রম ঢাকায় রাখার প্রস্তুতিও শেষ পর্যায়ে রয়েছে।
বহুপাক্ষিকতার সমন্বয়ে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে বাংলাদেশ-সৌদি আরব একমত বলে উল্লেখ করেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল।
তিনি বলেন, সৌদি কোম্পানিগুলো বড় ধরনের অংশীদারত্বের ব্যবসায়িক পথ উন্মুক্ত করতে মুখিয়ে আছে। আশা করা হচ্ছে সামনের পথচলা আরও মসৃণ ও বন্ধুত্বপূর্ণই থাকবে।
বৈঠকে দুই দেশের মধ্যে প্রশাসনিক সহায়তা সংক্রান্ত একটি চুক্তি এবং সৌদির আল ফয়সাল ইনস্টিটিউট ও বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
এ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে ফয়সাল বিন ফারহানের। বুধবার বিকেলেই সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।
