দুই পক্ষের ২৫ মামলা বিচারাধীন, ফের সংঘর্ষের জন্য অস্ত্র মজুতে আটক ৪

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০৫:২৮ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর থানা-পুলিশ দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে উল্টাডাব গ্রামে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আটকেরা হলেন- আনোয়ার হোসেন, কবিরুল ইসলাম, কামরুল ইসলাম ও মো. জাহিদ।

বুধবার শাহজাদপুর থানা-পুলিশ জানিয়েছে, উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে জাকারিয়া রহম গ্রুপ ও সবুজ গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। গত ১৪ মার্চ পুলিশ জানতে পারে দুই পক্ষ ফের সংঘর্ষ জড়াতে দেশীয় অস্ত্র মজুত করছে। 

পরে গতকাল অভিযান চালিয়ে মো. রমজান সরদারের বাড়ি থেকে ছোড়া, রামদা, লোহার তৈরি ফালা, চাইনিজ কুড়াল, লোহার পাইপ, হাতলযুক্ত স্টিলের ঢাল, প্লাস্টিকের ঢাল, কাঠের ঢাল, প্লাস্টিকের বুলেট প্রুফ জ্যাকেট ও বাঁশের লাঠিসহ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় ৪ জনকে।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান বলেন, উল্টাব গ্রামের জাকারিয়া রহম গ্রুপ ও সবুজ গ্রুপের মধ্যে ২০-২৫টি মামলা বিচারাধীন রয়েছে। ডিবি পুলিশের মাধ্যমে খবর পাই জাকারিয়া রহম পক্ষ ও সবুজ পক্ষ উভয় উভয়ের ওপর হামলা চালাতে পর্যাপ্ত পরিমাণ দেশীয় অস্ত্র মজুত করেছে।

তিনি আরও বলেন, উভয় পক্ষের বাড়িতে অভিযান চালানো হয়েছে। রহম গ্রুপের রমজান আলীর বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার এবং ঘটনাস্থল থেকে তাদের ৪ জনকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। মামলার বাদী শাহজাদপুর থানার এসআই ফারুক আহম্মেদ। পরে আটকদের আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত