রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় একটি চাইনিজ ডরমিটরির ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বুধবার সন্ধ্যায় ওই ভবনে আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে বারিধারা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেও দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমরা ৬টা ৩০ মিনিটের দিকে খবর পাই। দুটি ইউনিট ঘটনাস্থলে ৭টা ১৭ মিনিটে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে।
তিনি বলেন, সড়কে বেশ যানজট ছিল। আমরা বারবার পুলিশের সঙ্গে যোগাযোগ করি। পুলিশ যানজট নিয়ন্ত্রণে কাজ করে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
