তিন বছর আগে ইসরায়েলি ‘পেগাসাস’ কেনার প্রস্তাব পান মমতা

আপডেট : ১৭ মার্চ ২০২২, ১২:০১ পিএম

আলোচিত ইসরায়েলি নজরদারি সফটওয়্যার পেগাসাস কেনার প্রস্তাব পেয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন বছর আগের সেই ঘটনা বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেট বক্তৃতায় উল্লেখ করলেন তিনি।

মমতা এ দিন দাবি করেন, ‘কেন্দ্রীয় সরকার ফোন ট্যাপ করে। এমনকি আমার ফোন ট্যাপ করা হয়। কোনো কথা বললে সবকিছু জেনে নেবে ওরা।’

এই কথার সূত্র ধরে আরও বলেন, ‘তিন বছর আগে আমার কাছেও পেগাসাস কেনার প্রস্তাব এসেছিল। কিন্তু আমি কিনিনি। কারণ, আমি মানুষের বাক্‌স্বাধীনতায় হস্তক্ষেপ করায় বিশ্বাসী নই। তাই পেগাসাস কিনিনি।’

কিন্তু বিজেপি-শাসিত রাজ্যে পেগাসাস হয়েছে বলে বিধানসভায় দাবি করেছেন তিনি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি-শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক ইত্যাদি রাজ্যে পেগাসাস কেনা হয়েছে। অন্ধ্রপ্রদেশ সরকার এই পেগাসাস কিনেছিল। সেই সময় চন্দ্রবাবু নায়ডুর সরকার ছিল।’

পেগাসাসের কার্যকারিতা প্রসঙ্গে বলেন, ‘পেগাসাস কোনো গাড়িতে রেখে যদি ডালহৌসি এলাকায় গাড়িটি নিয়ে যাওয়া হয় তাহলে ওই এলাকায় যত মানুষ ফোনে কথা বলছেন, সেই সব কথাই ট্যাপ হয়ে যাবে। এ ভাবে মানুষের অধিকারে হস্তক্ষেপ করা হয়।’

মমতার পেগাসাস কেনার প্রস্তাব প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘অধিবেশন থেকে ওয়াকআউট করায় মুখ্যমন্ত্রী এ বিষয়ে কী বলেছেন শুনিনি। তিনি পেগাসাস নিয়ে এমন দাবি করে থাকলে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পেগাসাস নিয়ে যে তদন্ত শুরু হয়েছে, সেই তদন্ত কমিটির উচিত অবিলম্বে মুখ্যমন্ত্রীকে জেরা করা।’

গত বছর ২১ জুলাই এক ভার্চ্যুয়াল সভায় পেগাসাস কেলেঙ্কারিতে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারকে দায়ী করেন। সঙ্গে নিজের মোবাইল ফোনে লিউকোপ্লাস্ট লাগিয়ে পেগাসাস ঘটনার প্রতিবাদ জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত