জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টারের সঙ্গে প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, আইনের শাসনসহ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে ৪টা ৫৫ মিনিট পর্যন্ত স্থায়ী বৈঠক মহাসচিবের সঙ্গে আমীর খসরু ছাড়াও ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তার উপপ্রধান।
বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের মধ্যে তো অনেক পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়া দেশের উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।’
বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্রের বিষয়ে রাষ্ট্রদূত কী বলেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্রের বিষয়ে বিশ্বব্যাপী সবাই অবগত আছে। এখানে নতুন করে বলার কিছু নেই। এগুলো নিয়ে বিশ্বব্যাপী আলোচনাও হচ্ছে এটা তো আপনারা জানেন। এসব ব্যাপারে তারা অবগত আছেন।’
আগামী নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘নির্বাচন বাদে তো কোনো আলোচনা হতে পারে না। কারণ বাংলাদেশের আগামী নির্বাচনের বিষয়ে সারা বিশ্ব তাকিয়ে আছে। স্বাভাবিক ভাবে তারা জানতে চেয়েছেন, আগামী নির্বাচনে বাংলাদেশ কোথায় যাচ্ছে? নির্বাচনে কী হতে যাচ্ছে? তারা (জার্মানি) চোখ রাখছে, তারাও দেখতে চাচ্ছে আগামী দিনে বাংলাদেশের নির্বাচন কোথায় যায়। তাদের অবজারভেশন আছে।’
আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে কিছু বলেছে কি না এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘না, না- এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি। নির্বাচনে অংশগ্রহণ তো আমাদের দলের নিজস্ব ব্যাপার।’
রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন বলেও জানান আমীর খসরু। তিনি বলেন, ‘চেয়ারপারসনের বিষয় তো সবাই অবগত আছেন। ওনার জেলে থাকার পেছনে যে কারণ সেটা সবারই তো জানা আছে।’
