সরকারের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টায় কিছু অসাধু লোক: শিক্ষামন্ত্রী

আপডেট : ১৮ মার্চ ২০২২, ০৩:৩২ পিএম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য কিছু অসাধু লোককে দায়ী করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি দেখার জন্য সরকারের অনেকগুলো মন্ত্রণালয় ও সংস্থা কাজ করছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের পূর্ণ প্রচেষ্টা আছে। তারপরও কোথাও কোথাও কিছু অসাধু লোকের একটি অপচেষ্টা রয়েছে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য।'

শুক্রবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ৪ শয্যাবিশিস্ট আইসিইউ কক্ষ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, 'আমরা মনে করি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সক্ষম হবে।'

দীপু মনি আরো বলেন, এখন করোনা পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে সামনে পরিস্থিতি খারাপের দিকে গেলেও যাতে অনলাইন-অফলাইন দুভাবেই পড়াশোনার কাজ চালিয়ে যাওয়া যায়, তার জন্য একটি জাতীয় নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

তিনি বলেন, এটি (জাতীয় নীতিমালা) আমরা এ মাসেই মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারব।

এসময় সেখানে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, সিভিল সার্জন মো. সাহাদাৎ হোসাইন ও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম মাহবুবুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত