দোল উৎসব শেষে যমুনায় গোসলে নেমে স্কুলছাত্র নিহত, নিখোঁজ ১

আপডেট : ১৮ মার্চ ২০২২, ০৫:৪৭ পিএম

সিরাজগঞ্জ শহরের পুরোনো জেলখানা ঘাট এলাকায় যমুনা নদীতে গোসলে নেমে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় নিখোঁজ হয়েছেন আরো একজন।

শুক্রবার দুপুরে শহরের পুরাতন জেলখানা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র হলেন, সিরাজগঞ্জ শহরের গোশালা মহল্লার উজ্জ্বল কর্মকারের ছেলে এসএসসি পরীক্ষার্থী সঞ্জিত কর্মকার (১৫)।

নিখোঁজ রয়েছেন গোশালা মহল্লার কালু সুত্রধরের ছেলে দশম শ্রেণির ছাত্র সকাল সুত্রধর (১৪)।

এ বিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, দোল উৎসবের খেলা শেষে এদিন দুপুরে ৮-৯ জন স্কুলছাত্র নৌকা নিয়ে যমুনা নদীর চরে বেড়াতে যায়। এরপর সবাই নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সাঁতার না জানায় স্রোতের টানে গভীর পানিতে পড়ে ৪ জন ডুবে যায়।

স্থানীয়রা প্রান্ত ও বিশাল নামের দুজনকে উদ্ধার করলেও নিখোঁজ থাকে সকাল সুত্রধর ও সঞ্জিত কর্মকার।

খবর পেয়ে এদিন বিকেল ৪টার দিকে রাজশাহী থেকে ডুবুরি দল এসে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার অভিযান শুরু করে। আধা ঘণ্টা চেষ্টার পর তারা সঞ্জিতের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় এখনো সকাল সুত্রধর নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে ডুবুরি দল কাজ করছে বলে জানিয়েছেন ওই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত