বন্ধুর বোন স্কুলছাত্রীকে আপত্তিকর ভিডিওর ভয় দেখিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ১

আপডেট : ১৮ মার্চ ২০২২, ০৮:৩০ পিএম

সাভারের আশুলিয়ায় এক স্কুলছাত্রীর (১৮) আপত্তিকর ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা-পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম রনি (২০); তিনি আশুলিয়ার নিরিবিলি এলাকার বাসিন্দা এবং পেশায় কাঠমিস্ত্রি। তিনি ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর বড় ভাইয়ের বন্ধু।

শুক্রবার দুপুরে গ্রেপ্তার রনিকে থানা থেকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রী মা ও ভাইয়ের সঙ্গে আশুলিয়ার ডেন্ডাবর পশ্চিমপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। প্রায় চার বছর আগে রনির মা বিদেশে চলে যান। এরপর রনির বাবার অনুরোধে ভুক্তভোগী ওই পরিবার রনিকে তাদের বাসায় খাবারের ব্যবস্থা করেন। ওই শিক্ষার্থীর মা স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। গত বছরের মাঝামাঝি সময়ে ভাই ও মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে রনি ওই শিক্ষার্থীর পোশাক পরিবর্তনের আপত্তিকর ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে স্কুলশিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করেন।

এ ঘটনায় গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে আশুলিয়া থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে রনিকে গ্রেপ্তার করে পুলিশ।

আশুলিয়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শ্রামলেন্দু ঘোষ বলেন, ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে। মামলাটি অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত