যুদ্ধাক্রান্ত ইউক্রেনের শিশুদের পাশে ফেদেরার

আপডেট : ১৯ মার্চ ২০২২, ০৬:৫৩ পিএম

যুদ্ধাক্রান্ত ইউক্রেনের শিশুদের পাশে দাঁড়ালেন রজার ফেদেরার। এই কিংবদন্তি টেনিস তারকা জানিয়েছেন, যুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য ৫ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৩২ লাখ টাকা) অনুদান দেবেন তিনি।

জাতিসংঘ (ইউএন) জানিয়েছে, গত মাস থেকে রুশ হামলার মুখে তিন মিলিয়নেরও বেশি ইউক্রেনিয়ান নিজভূমি ছেড়ে আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশে। যাদের মধ্যে অনেকে শিশু।

যুদ্ধাক্রান্ত এসব শিশুদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিলেন ফেদেরার। এই সাবেক এক নম্বর বাছাই তার অনুদান দেবেন নিজের সংস্থার মাধ্যমে।

ইউক্রেনের শিশুদের সাহায্যের কথা উল্লেখ করে ৪০ বছর বয়সী সুইস তারকা নিজের অফিশিয়াল টুইটার পেজে লেখেন, ‘আমি ও আমার পরিবার ইউক্রেনের নিরীহ জনগণকে ভয়ানকভাবে আক্রান্ত হওয়ার ছবি দেখে খুব আতঙ্কিত ও মর্মাহত। আমরা শান্তি চাই।’

এর আগে ইউক্রেন যুদ্ধে আক্রান্তদের এক মিলিয়ন ইউরো সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেয় রিয়াল মাদ্রিদ। ‘সকলে ইউক্রেনের পাশে আছে’— এই অভিযানের অংশ হিসেবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় স্প্যানিশ ফুটবল জায়ান্টরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত