‘বঙ্গবন্ধু বাঙালির স্মৃতিতে চিরকাল অমর হয়ে থাকবেন’

আপডেট : ১৯ মার্চ ২০২২, ০৮:৪৯ পিএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে স্বনির্ভর বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে তরুণ প্রজন্মকে তার আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আইপিডিআই ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক হৃদরোগ বিষয়ক সম্মেলনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করা হয়।  

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এবং মঞ্চ ও চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, ১৯৭১ সালে সমগ্র বাঙালি জাতির মধ্যে জাতিগত ঐক্য নির্মাণ এবং একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সফল নেতৃত্ব দেওয়ায় বঙ্গবন্ধু বাঙালির স্মৃতিতে চিরকাল অমর হয়ে থাকবেন। একটি বুদ্ধিবৃত্তিক সচেতন জাতি নির্মাণে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাসের সঠিক বিশ্লেষণের বিকল্প নেই। বিশ্বের বিভিন্ন দেশে বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা হচ্ছে। আমাদের দেশেও বঙ্গবন্ধুচর্চা ও গবেষণার ক্ষেত্র বিস্তৃত হবে।

আইপিডিআই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি জেনারেল ডা. মহসীন আহমদ জানান, হেলদি হার্ট হ্যাপি লাইফ অরগানাইজেশনের (হেলো) সহযোগী সংগঠন আইপিডিআই ফাউন্ডেশন বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় পেশাগত উন্নয়নে প্রশিক্ষন ও গবেষণার কাজ করে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু  ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের  বিনিময়ে পাওয়া এই সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন  ২০২১-২০৪১ পরিকল্পনা বাস্তবায়নে হেলো-আইপিডিআই ফাউন্ডেশন কাজ করে যাবে।

সাধারণ মানুষের মাঝে হৃদরোগ বিষয়ক সচেতনতা বৃদ্ধি, চিকিৎসা সহায়তা ও গবেষণা কাজের স্বীকৃতি হিসেবে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের পূর্ণ সদস্যপদ লাভ করায় সব শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান তিনি।

আইপিডিআই ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এইচ আই লুৎফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, কবি ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাজির আহমেদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এসময় বীর মুক্তিযোদ্ধা হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এইচ আই লুৎফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, কবি ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাজির আহমেদ চৌধুরীকে বিশেষ মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত