গানের তালে তালে নাচছে কয়েকজন যুবক। সবাই নেশাগ্রস্ত। তার মধ্যে গোপাল সোলাঙ্কি নামে একজনের হাতে ছুরি। তিনি সেটি ঘুরাতে ঘুরাতেই নাচছিলেন।
তখন সাউন্ড বক্সে বাজছিল বলিউডের সঞ্জয় দত্ত অভিনীত ‘খলনায়ক’ ছবির গান ‘নায়ক নেহি, খলনায়ক হুঁ ম্যায়’।
বৃহস্পতিবার রাতে ভারতের মধ্যপ্রদেশের ইনদওরের বনগঙ্গা এলাকায় ঘটনাটি ঘটেছে বলে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়।
অনুরাগ ডাউরি নামে এক সাংবাদিক টুইটারে এই ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন।
ভিডিওতে দেখা যায়, ডান হাতে থাকা ছুরি নিয়ে নাচতে নাচতেই বুকের বাঁ দিকে চারবার আঘাত করেন গোপাল। সেই অবস্থাতেও নাচছিলেন তিনি। বন্ধুরাও খেয়াল করেননি সেই দৃশ্য।
নেশার ঘোরে গোপাল নিজেও বুঝতে পারেননি যে গুরুতর জখম হয়েছেন তিনি এবং বুক থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে।
ইতিমধ্যেই সেই দৃশ্য চোখে পড়ে এক নারীর। তিনি দৌড়ে এসে গোপালকে সতর্ক করেন। রক্তে হলুদ জামার বাঁ দিকটা লাল হয়ে গিয়েছিল। হুঁশ ফিরতেই গোপালকে টলতে টলতে সেখান থেকে চলে যেতে দেখা যায়।
গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
