সিভিল অ্যাভিয়েশন ট্রেনিং সেন্টার এখন একাডেমি

আপডেট : ২০ মার্চ ২০২২, ০৩:৪৮ পিএম

অ্যাভিয়েশন খাতের সার্বিক বিকাশে সিভিল অ্যাভিয়েশন ট্রেনিং সেন্টারকে একাডেমিতে রূপান্তর করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এই একাডেমির ভৌত অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এসিআই-আইসিএওর সহযোগিতায় বিভিন্ন বৈদেশিক কোর্স আয়োজন করা হচ্ছে।

রবিবার সকালে একাডেমি প্রাঙ্গণে কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বাংলাদেশ বিমান প্রতিনিধি, বিভিন্ন এয়ারলাইনস প্রতিনিধি, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদেশি প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বেবিচক সদস্য (পরিকল্পনা ও প্রশিক্ষণ) এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী ও সদস্য (প্রশাসন) মো. মিজানুর রহমান।

বেবিচক চেয়ারম্যান বলেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাবে রূপান্তরের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্যকে সামনে রেখে অ্যাভিয়েশন খাতের সার্বিক বিকাশে সিভিল অ্যাভিয়েশন একাডেমিকে আন্তর্জাতিক মানের উন্নীতকরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বর্তমানে সিভিল অ্যাভিয়েশন একাডেমিতে আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্স দেশি-বিদেশি প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। সেই দক্ষ জনবল তৈরির পাশাপাশি বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে।

এয়ার কমডোর সাদিকুর রহমান বলেন, শিক্ষা ও প্রযুক্তির বিকাশে প্রশিক্ষণের বিকল্প নেই। এ ক্ষেত্রে সিভিল অ্যাভিয়েশন একাডেমি অ্যাভিয়েশন বিষয়ক প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।

মিজানুর রহমান বলেন, দেশে-বিদেশে অ্যাভিয়েশন প্রশিক্ষণ পরিমণ্ডলে সিভিল অ্যাভিয়েশন একাডেমিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখে একাডেমিকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত