৯০’র দশকের নায়ক শফিউর রহমান সানি (৬০) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার রাত তিনটার দিকে অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। শফিউর রহমান সানি মির্জাপুর উপজেলা তরফপুর ইউনিয়নের পাথরঘাটা গ্রামের ফজল হকের ছেলে।
৯০’র দশকে সানির অভিনীত দুটি বাংলা সিনেমা হলো ‘ববি’ ও ‘নতিজা’। এ ছাড়া তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল-৭ মির্জাপুর আসন থেকে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী হিসেবে গামছা প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন।
৮০’র দশকে তিনি জনশক্তি রপ্তানির ব্যবসা করে সুনাম ও পরিচিত অর্জনের পাশাপাশি সফল হন। পরবর্তীতে মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়ায় ‘বংশীনগর’ নামে একটি বিনোদন পার্ক প্রতিষ্ঠা করেন।
শফিউর রহমান সানির বড় ভাই তরফপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুর রহমান শরীফ জানান বেশ কিছু দিন ধরে তিনি ডায়াবেটিসে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দুপুর বারোটার দিকে পাথরঘাটা গ্রামে জানাজা শেষে তাকে আগলাচালা কবরস্থানে দাফন করা হয়।
