এতিমের সংজ্ঞায় ‘মাতৃহীন’ শব্দও বসানোর সুপারিশ

আপডেট : ২১ মার্চ ২০২২, ০৩:১৬ এএম

এতিমের সংজ্ঞায় ‘পিতৃহীন’ শব্দের পাশাপাশি ‘মাতৃহীন’ শব্দটি অন্তর্ভুক্তির সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। পাশাপাশি তাদের বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণে জোর দিতে বলেছে। গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির ১৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে ১৬তম সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি, এতিমখানার (সরকারি ও বেসরকারি) নিবন্ধন নীতিমালা ও ক্যাপিটেশন গ্র্যান্ট বরাদ্দ এবং দৃষ্টিপ্রতিবন্ধী ও অন্য প্রতিবন্ধীদের শ্রুতিলেখক নীতিমালা প্রণয়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি প্রকৃত চা-শ্রমিক যাতে আশ্রয়ণ প্রকল্পের আওতাধীন বরাদ্দকৃত ঘরের মালিক হতে পারে সে বিষয়গুলো অন্তর্ভুক্ত করে দ্রুত একটি যুগোপযোগী নীতিমালা করার সুপারিশ করে।

কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য সাগুফতা ইয়াসমিন, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, সরওয়ার জাহান এবং আরমা দত্ত অংশ নেন। বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান বৈঠকে যোগদান করেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দৃষ্টিপ্রতিবন্ধী ও অন্য প্রতিবন্ধীদের শ্রুতিলেখক নীতিমালা দ্রুত প্রণয়ন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়ার সুপারিশ করা হয়। এছাড়া এতিমখানায় (সরকারি ও বেসরকারি) প্রদত্ত ক্যাপিটেশন গ্র্যান্ট যথাযথভাবে ব্যবহারের সুপারিশ করা হয়।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত