বগুড়ায় ২২ মামলার আসামি মো. ব্রাজিলকে (৩২) গুলিভর্তি পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের বকশিবাজার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্রাজিল বগুড়ার শীর্ষ সন্ত্রাসী। তিনি শহরের গোদারপাড়া এলাকার শাহাজাহান আলীর ছেলে। সন্ধ্যায় গ্রেপ্তারের পর দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ সদর উপজেলার পালশা চৌকির পাড় এলাকায় ব্রাজিলকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে যায়।
তার দেওয়া তথ্যমতে, পালশা চৌকির পাড়া ব্রিজের দক্ষিণ পাশের একটি ইউক্যালিপ্টাস গাছের গোড়ায় মাটি খোঁড়া হয়। সেখানে সাদা পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তলসহ, একটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আলী হায়দার চৌধুরী জানান, ব্রাজিল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে দু'টি মামলা, বিস্ফোরক দ্রব্য আইনে ৫টি মামলা, একটি মাদক মামলা, সন্ত্রাস বিরোধী আইনে দু'টি মামলা, বিশেষ ক্ষমতা আইনে ৪টি মামলা, চাঁদাবাজির মামলা ৬টি এবং দুইটি অ্যাসিড নিক্ষেপ মামলা রয়েছে ।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ব্রাজিলের বিরুদ্ধে বগুড়া সদর থানায় আবারও অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
