সিরাজগঞ্জের বেলকুচিতে ছুরিকাঘাতে মোন্নাফ শেখ (৪৫) নামের একজন নিহত হয়েছেন।
সোমবার রাতে উপজেলার বাজাপুর ইউনিয়নে রাজাপুর দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোন্নাফ শেখ মৃত কাদু শেখের ছেলে।
নিহতের ছেলে বাবু শেখ জানান, ‘প্রতিবেশী সাইতুল্লা শেখের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই জমির মামলায় আমরা কোর্ট থেকে ডিক্রি পেয়েছি। আগামী শুক্রবার সালিসে বসে আমাদের জায়গা বুঝিয়ে দেয়ার কথা ছিল। কিন্তু গতকাল রাতে আমার বাবাকে ঘরে একা পেয়ে ছুরিকাঘাতে হত্যা করেছে তারা।’
অভিযুক্ত ও তার পরিবারের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, ঘটনা শোনার পরে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। নিহতের ঘর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন ও পেটে ভুঁড়ি বের হয়ে আছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিষয় নিয়েই মোন্নাফ শেখকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’
