স্মারকলিপি দিতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

আপডেট : ২৩ মার্চ ২০২২, ১২:১৪ এএম

দ্রব্যমূল্যের ঊর্র্ধ্বগতির প্রতিবাদে জেলা প্রশাসককে স্মারকলিপি দিতে গিয়ে শেরপুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান আনন্দসহ অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ডিসিগেট মোড় ও বটতলা এলাকায় এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে তিনজন জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিরা বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, পদ-পদবি ও দলে প্রভাব বিস্তার করা নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী গ্রুপ ও যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। গতকাল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়ার জন্য দুই গ্রুপ আলাদাভাবে জেলা প্রশাসক চত্বরে জমায়েত হতে থাকে। দুই গ্রুপ মুখোমুখি হলে কথা-কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে সিনিয়র নেতাদের সহযোগিতায় হাতাহাতি বন্ধ হলে জেলা প্রশাসক মোমিনুর রশীদের হাতে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি দেওয়ার পর দুই গ্রুপ জেলা প্রশাসকের অফিসেই মারামারিতে উদ্যত হলে পুলিশ শান্ত করে অফিস প্রাঙ্গণ ত্যাগ করতে বলে। অফিস থেকে বের হয়ে মূল গেটে আসতেই দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন রক্তাক্ত হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা পালিয়ে যান।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

সদর থানার ওসি মনসুর আহমেদ বলেন, ‘পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। মামলা হয়নি, হলেই ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত