প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবে ঐক্য মোর্চা

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০১:১৫ এএম

জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষায় আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন দেখতে চায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ ৩৩ সংগঠনের ঐক্য মোর্চা। এজন্য প্রায় দুই লাখ স্বাক্ষরের স্মারকলিপি আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেবে তারা।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত। তিনি বলেন, ‘গত নির্বাচনের আগে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের স্বার্থ ও অধিকার রক্ষায় অঙ্গীকার করলেও এখনো তা বাস্তবায়ন করেনি। আমরা চাই সরকার বাকি দুই বছরে এগুলো বাস্তবায়ন করুক। সংখ্যালঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের দ্রুত বাস্তবায়ন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা হোক।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের সভাপতি উষাতন তালুকদার, ড. নিম চন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও, পরিষদ নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাসুদেব ধর, মনীন্দ্র কুমার নাথ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত