সড়কে গেল ২ প্রাণ, আহত ৬

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০১:১৭ এএম

রাজধানীর উত্তরায় লরিচাপায় জাকির নামে এক মোটরসাইকেল চালক নিহত এবং তার দুই বন্ধু আহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে আবদুল্লাহপুরে এ দুর্ঘটনা ঘটে। আহত রাব্বি ও জ্যাকিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকসহ লরিটি আটক করা হয়েছে বলে জানান উত্তরা পশ্চিম থানার এসআই বদরুল আলম মিল্লাত।

নরসিংদীর শিবপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছে। গতকাল বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার গাঙপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে সিলেট অভিমুখী এনা পরিবহন মহাসড়ক ধরে যাচ্ছিল। এ সময় বাসটি শিবপুরের গাঙপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে আসা ঢাকামুখী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক যাত্রী মারা যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যায়। হাইওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত