মানিকগঞ্জের সাটুরিয়ায় নিখোঁজের একদিন পর মো. ফরহাদ হোসেন (৫০) নামে এক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে বোরো ক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
ফরহাদ হোসেন বরাইদ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউপি সদস্য।
সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. ফরহাদ হোসেন সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের মৃত দারগা আলীর ছেলে। তিনি সম্প্রতি ইউনিয়ন পরিষদের নির্বাচনে তৃতীয়বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হন।
ইউপি সদস্যের একমাত্র ছেলে আক্তার হোসেন বলেন, গতকাল বুধবার বিকেলে বাবা চা খাওয়ার জন্য বাড়ি থেকে স্থানীয় বাজারে যায়। সন্ধ্যা হওয়ার পর বাড়িতে না আসলে খোঁজাখুঁজি শুরু করি। সর্বশেষ রাত ৮টার দিকে বাবার সঙ্গে আমার বোন মোবাইলে কথা বলে। তারপর মোবাইল বন্দ পাওয়া যায়।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করতে ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসি। মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- কে বা কারা তাকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখেছে।
