দিনাজপুরে স্ত্রীকে খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক ব্যক্তিকে ২২ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার খিলক্ষেতের বড়ুয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার আনোয়ার হোসেনের (৫৫) বাড়ি দিনাজপুরের ফুলবাড়ীর রাজারামপুরে। ২০০০ সালে দ্বিতীয় স্ত্রী আলতাফুন ওরফে আলতা বেগমকে (২৫) খুনের অভিযোগে তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।
এটিইউ’র বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৫ সালে ওই মামলার রায়ে আনোয়ারকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। কিন্তু গ্রেপ্তার এড়াতে নামপরিচয় গোপন করে ঢাকার খিলক্ষেতে আনোয়ার ‘স’ মিলে কাজ করে আসছিলেন তিনি।
