চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিম্ন আয়ের মানুষ থেকে ১০০ টাকার বিনিময়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, সাধারণ মানুষের থেকে প্রশাসনের নামে এই টাকা নিচ্ছেন কার্পাসডাঙ্গা ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য বিল্লাল হোসেনের সমর্থক মজিবর রহমান।
অভিযুক্ত মজিবর রহমানের বাড়ি দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গা গ্রামে।
ভুক্তভোগী আরামডাঙ্গা গ্রামের দিনমজুর জাহাঙ্গীর আলম বলেন, টিসিবির পণ্য কেনার কার্ডের জন্য বিল্লাল মেম্বারের কাছে গেলে কার্ড প্রতি ১০০ টাকা নিচ্ছেন মজিবর। টাকা দেওয়ার পর আমার ছবিও নেন তিনি। পরে জানতে পারলাম টিসিবির কার্ড করতে কোনো টাকা লাগে না।
একই গ্রামের দিনমজুর মহাসীন আলী বলেন, কম দামে টিসিবির মালামাল পাওয়া যাবে এমন প্রলোভন দেখিয়ে কার্ড করে দেবেন বলে আমার কাছ থেকে ১০০ টাকা নেন মজিবর। মেম্বারের লোক হওয়ায় আমিসহ গ্রামের অনেকে কার্ড পেতে তাকে টাকা দিয়েছি।
টাকা নেয়ার বিষয়টি স্বীকার করে অভিযুক্ত মজিবর রহমান বলেন, আমি বিল্লাল মেম্বারের সঙ্গে থাকি। আমি গরীব মানুষ। দিনমজুরের কাজ করে খাই। তাদের কাজ করে দিতে হলে আমার কাজে অনুপস্থিত হতে হয়। তাই তাদের কাছে থেকে ১০০ টাকা করে নিয়েছি।
কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস জানান, কার্পাসডাঙ্গা ইউনিয়নে ১ হাজার ৩৭৬ জন উপকারভোগীর তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। টিসিবির পণ্য বিক্রির জন্য ক্রেতার তালিকা তৈরিতে অর্থ আদায়ের কোনো সুযোগ নেই।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, ঘটনাটি শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখতে উপজেলা সহকারি কমিশনারকে (ভূমি) বলা হয়েছে।
