স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফখরুলের বাণী

‘নিষ্ঠুরতার সীমাহীন আবর্তে দেশকে ঠেলে দেওয়া হয়েছে’

আপডেট : ২৫ মার্চ ২০২২, ০১:১০ পিএম

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য আজও দেশি-বিদেশি চক্রান্তকারীরা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও বলেন, স্বাধীনতার সকল অর্জনকে মুছে দিয়ে অমানবিক দুঃশাসন টিকিয়ে রাখতে জনগণকে কণ্ঠরুদ্ধ করার জন্য নানা কালাকানুন, গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যার অমানবিক নিষ্ঠুরতার সীমাহীন আবর্তের মধ্যে দেশকে ঠেলে দেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনকে চিরদিনের জন্য নির্বাসিত করার মাধ্যমে জনগণকে চূড়ান্তভাবে ক্ষমতাহীন করা হয়েছে।

শুক্রবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক বাণীতে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অজস্র রক্তধারায় স্রোত মহিমান্বিত আমাদের স্বাধীনতা। কথা ছিল একটি পতাকা পেলে দেশের মানুষ সুখে শান্তিতে থাকবে। কিন্তু দেশের মানুষ সেই সুখ, শান্তি পায়নি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য আজও দেশি-বিদেশি চক্রান্তকারীরা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

মির্জা ফখরুল বলেন, বহুদলীয় গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছে রাষ্ট্রপতি শহীদ জিয়ার হাত দিয়ে, তা বারবার বিপন্ন করতে চেষ্টা করেছে চক্রান্তকারীরা। কিন্তু আপসহীন নেত্রী বেগম জিয়া বিপন্ন গণতন্ত্রকে বারবার জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছেন, সেই গণতন্ত্র এখন লাশে পরিণত হয়েছে কর্তৃত্ববাদী শাসনে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বন্দী করে মূলত গণতন্ত্রই আজ বন্দী।

তিনি বলেন, ফ্যাসিবাদের চরম উত্থানে দেশবাসী ভয় ও আতঙ্কে দিনাতিপাত করছে। স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হলেও জাতীয় জীবন থেকে দূর হয়নি অন্ধকার। চারদিকে এক রকম দম বন্ধ করা পরিস্থিতি বিরাজ করছে।

‘তাই স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষা ও গণতন্ত্রের পুনরুজ্জীবন ঘটাতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তির এ মুহূর্তে গড়ে তুলতে হবে ইস্পাত কঠিন ঐক্য।’

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের এক গৌরবোজ্জ্বল মহিমান্বিত দিন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এ বছরও আমরা মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপন করছি। সুবর্ণ জয়ন্তীর এই ক্ষণে আমি দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কামনা করি তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি। আজকের এই মহান দিবসে আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করি মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি গভীর শ্রদ্ধা জানাই সকল জাতীয় নেতার প্রতি, যারা দেশ ও জাতির জন্য অসামান্য অবদান রেখেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত