রোমাঞ্চকর শেষদিনে লাহোর টেস্ট জিতে নিল অস্ট্রেলিয়া

আপডেট : ২৫ মার্চ ২০২২, ০৫:৫০ পিএম

দুই যুগ পর পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিল অস্ট্রেলিয়া। লাহোর টেস্টে স্বাগতিকদের ১১৫ রানে হারিয়েছে অজিরা। এর আগে রাওয়ালপিন্ডি ও করাচি টেস্ট ড্র হয়।

লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট বাঁচাতে হলে পঞ্চম ও শেষদিনে মাটি কামড়ে পড়ে থাকতে হতো পাকিস্তানি ব্যাটারদের। কিন্তু নাথান লায়নের ঘূর্ণি ও প্যাট কামিন্সের তোপে দিনের তৃতীয় সেশনে গুটিয়ে যায় স্বাগতিকেরা।

অজিদের দেওয়া ৩৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে থামে ২৩৫ রানে। এর আগে স্বাগতিকেরা প্রথম ইনিংসে অলআউট হয় ২৬৮ রানে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৩৯১ রান। উসমান খাজার সেঞ্চুরিতে ৩ উইকেটে ২২৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ১০ উইকেটই পড়েছে শেষদিনে। দিনের মধ্যভাগে ম্যাচ বাঁচাতে বাবর আজম একা লড়ে গেলেও লাভ হয়নি স্বাগতিকদের। অধিনায়কের ব্যাটে ভর করে করাচি টেস্ট বাঁচিয়েছিল পাকিস্তান। সেবার দ্বিতীয় ইনিংসে ৪ রানের জন্য ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি বঞ্চিত হলেও হাঁফ ছেড়ে বেঁচেছিল স্বাগতিকেরা।

এবারও ম্যাচ বাঁচাতে হলে তেমন আরেকটি জাদুকরী ইনিংস খেলতে হতো বাবরকে। সেই পথে ছিলেন তিনি। কিন্তু আশা জাগিয়েও লায়নের সামনে দাঁড়াতে পারেননি। বাবরের ১০৪ বলে ৫৫ রানের লড়াকু ইনিংস শেষ হয় দলীয় ২১৩ রানে। এরপর মিচেল স্টার্ক ফেরান প্রতিরোধের আভাস দেওয়া সাজিদ খানকে (২১)।

ফাইফার পাওয়া লায়ন তার পরের দুই শিকার হাসান আলী (১৩) ও শাহীন আফ্রিদিকে (৫) তুলে নেন। পাকিস্তানের শেষ উইকেট নাসিম শাহকে (১) বোল্ড করে নিজের তৃতীয় শিকার বানান কামিন্স। নওমান আলী অপরাজিত ছিলেন ১ রানে।

তার আগে বিনা উইকেটে ৭৩ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। কিন্তু তার সঙ্গে মাত্র ৪ রান জমা পড়তেই ভাঙে তাদের ওপেনিং জুটি। বিদায় নেন আব্দুল্লাহ শফিক (২৭)। আজহার আলীকে (১৭) বেশিক্ষণ দাঁড়াতে দেননি লায়ন। তবে তার বিতর্কিত আউট নিয়ে ইতোমধ্যে ঝড় শুরু হয়ে গেছে ক্রিকেট দুনিয়ায়।

অজি স্পিনার দলকে বড় ব্রেক-থ্রুটা এনে দেন ইমাম-উল-হককে ফিরিয়ে। একপ্রান্ত আগলে রাখা পাকিস্তানি ওপেনার ১৯৯ বলে ৭০ রান বিদায় নেন। এরপর কামিন্সের ধাক্কা। দলীয় ১৬৫ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ফাওয়াদ আলম (১১)। স্কোরবোর্ডে আর দুই রান জমা পড়তেই অজি পেসারের একই ফাঁদে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান (০)। 

মিডল-অর্ডারে আচমকা ধাক্কা আসার পর বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন বাবর-সাজিদ। দুজনে ৪৬ রানের জুটিও গড়েন। কিন্তু ষষ্ঠ উইকেট হিসেবে বাবর ফিরলে সব আশা শেষ হয় যায় পাকিস্তানের। 

লাহোর টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন কামিন্স। পুরো সিরিজে দুই সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৪৯৬ রান নিয়ে সিরিজ সেরা হয়েছেন খাজা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত