সৈকতে ফের ভেসে এল বিরল প্রজাতির মৃত কচ্ছপ

আপডেট : ২৫ মার্চ ২০২২, ০৬:৫৮ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের ভেসে এসেছে বিরল প্রজাতির একটি মৃত কচ্ছপ। শুক্রবার দুপুর ৩টায় সৈকতের লেম্বুরবন পয়েন্ট এলাকায় কচ্ছপটি দেখ পায় স্থানীয়রা। এর ওজন ২৫ থেকে ৩০ কেজি হতে পারে বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সমুদ্র থেকে মৃত কচ্ছপটি ভেসে এসে সৈকতের বালিয়াড়িতে আটকা পরে। পরে ব্লু গার্ড ও ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেওয়া হয়। 

তারা জানান, কচ্ছপটির শরীরের উপরিভাগে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের ধারণা জেলেদের জালের আঘাতে কচ্ছপটির মৃত্যু হয়েছে। বর্তমানে কচ্ছপটি পচে সৈকত এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে।

এলাকার বাসিন্দা বাচ্চু জানান, কচ্ছপটির ওপরের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। দেখে মনে হয় দুই/এক দিন আগে মারা গেছে। 

কুয়াকাটার রুমান ইমতিয়াজ তুষার জানান, এক সপ্তাহের মধ্যে তিনটি কচ্ছপ মৃত আসল। এটা আসলে আমাদের জন্য খারাপ সংকেত বলে মনে করি।

পটুয়াখালী জেলা ইউএস-এইড/ ইকো-ফিস ২, ওয়ার্ল্ড ফিস বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, কচ্ছপের ডিম দেওয়ার মোক্ষম সময় এখন। তাই এরা উপকূলে আসে। এরা সাধারণত ৫০ বছরের অধিক সময় বেঁচে থাকে। মৃত্যুর রহস্য উন্মোচনে কচ্ছপটির স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে।

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে বন কর্মকর্তাদের পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এর আগে সোমবার (২১ মার্চ) বিকেলে কুয়াকাটা সৈকতে পাওয়া যায় সাত ফুট লম্বা একটি মৃত ডলফিন তার ১৮ ঘণ্টা পর (২২ মার্চ) গঙ্গামতির পয়েন্টে  দুটি মৃত কচ্ছপ পাওয়া যায়। এর তিন দিনের মাথায় শুক্রবার আবার একটি মৃত কচ্ছপ পাওয়া গেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত