হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিষ্টান পরিষদের সম্মেলনে সংঘর্ষ, আহত ৩

আপডেট : ২৫ মার্চ ২০২২, ০৭:১০ পিএম

নোয়াখালীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন চলাকালে দুই গ্রুপের মধ্যে হট্টগোল, হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে দীপক সাহা (৪২), সুমন (৩২) ও বিজয় (২২) নামের ৩ জন আহত হয়েছেন। তাদের দুজনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, সকাল ১০টা থেকে বেগমগঞ্জের চৌমুহনী পৌর অডিটোরিয়ামে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলন শুরু হওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে কমিটি গঠন নিয়ে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুপুর ১টার দিকে সুবর্ণচর উপজেলার বাসিন্দা নারায়ণ দাসের বক্তৃতা চলাকালে সম্মেলন বিধি মোতাবেক আয়োজন করা হয়নি বলে প্রতিবাদ জানান। এ সময় হলরুমে উপস্থিত অনেক সাধারণ সদস্যরা তার কথায় সমর্থন জানান। এ ঘটনার জের ধরে সম্মেলন আয়োজক কমিটির অনুসারী ও প্রতিপক্ষ গ্রুপের মধ্যে হট্টগোল, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিষ্টান পরিষদের সদস্য রতন কৃষ্ণ পাল বলেন, প্রতিনিধি সম্মেলনের কথা বলে ত্রি-বার্ষিক সম্মেলন করার ঘটনায় সাধারণ মানুষ প্রতিবাদ জানাতে শুরু করে। এ ঘটনার জের ধরে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, তারা একটা অনুষ্ঠান করেছে। তবে ওই অনুষ্ঠান করতে অনুমতি ছিল না। বক্তৃতা চলাকালে এক ব্যক্তি প্রতিবাদ করেন। পরে এটা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে।

‘তবে, এ ঘটনায় কেউ এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত