টুঙ্গিপাড়ায় শেষ হলো স্বাচিপের ফ্রি হেলথ ক্যাম্প, ৭ দিনে সেবা নিলেন ৭২৩৪

আপডেট : ২৫ মার্চ ২০২২, ০৮:২১ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ পেশাজীবী চিকিৎসকদের সংগঠন- স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুক্রবার (২৫ মার্চ) শেষ হয়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত এ ক্যাম্প থেকে সর্বমোট ৭ হাজার ২৩৪ রোগী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নিয়েছেন। সেবার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ঔষধও বিনামূল্যে বিতরণ করেছে স্বাচিপ।

শুক্রবার সকাল ১০টায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে স্বাচিপের সপ্তাহব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পের সমাপনী দিনের কর্মসূচি শুরু হয়। এ দিন দুপুর ২টা পর্যন্ত ৭০৯ জনকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়া হয।

স্বাচিপের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা এম এ আজিজ ফ্রি হেলথ ক্যাম্পের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, গত সাত দিনে ১০টি বুথে ৪৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ৭ হাজার ২৩৪ রোগীকে সেবা দিয়েছেন।

এ সময় তিনি বলেন, বিগত দিনে ডেঙ্গু ও গত দুই বছর করোনাভাইরাস মহামারীর সময়ে স্বাচিপের হাজার হাজার নেতাকর্মী জীবন বাজি রেখে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন। স্বাচিপের নেতাকর্মীরা বিগত দিনের মতো সামনের দিনগুলোতেও দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাবে।

এছাড়াও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশিত সব কর্মসূচি পালন করতে স্বাচিপ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

গত শনিবার (১৯ মার্চ) সকাল ১০টায় স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা এম ইকবাল আর্সলান ও অধ্যাপক ডা এম এ আজিজের উপস্থিতিতে প্রধান অতিথি হয়ে এ কর্মসূচির উদ্ধোধন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ- ২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম।

প্রথম দিন দেশবরেণ্য বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা ৪৯৩ রোগীকে চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ঔষধ দেন। দ্বিতীয় দিনে সেবা নেন ৮৮৯ রোগী। তৃতীয় দিনে সবচেয়ে বেশি ১ হাজার ৬৪৩ জন সেবা নেন। কর্মসূচির ৪র্থ দিনে ১ হাজার ১৪৮ জন, ৫ম দিনে ১ হাজার ২২৫ জন ও ষষ্ঠ দিনে ১হাজার ১২৮ রোগী সেবা নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত