লক্ষ্মীপুরের রামগতিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ফুল দেয়ার পর ফেরার পথে আওয়ামী লীগ ও বিএনপির নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় আলেকজান্ডার বাজার এলাকায় ‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশালীন স্লোগান’ দেয়ার অভিযোগে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে বিএনপির দুজনকে আটক করা হয়। তারা হলেন, রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম খন্দকার।
রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওয়াহেদ জানান, ‘শনিবার সকাল সাড়ে ৯টায় রামগতিতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ফুল দেওয়ার শেষে ফেরার পথে আলেকজান্ডার এলাকায় বিএনপির লোকজন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিরুদ্ধে অশালীন স্লোগান দেয়। এ সময় স্থানীয় আওয়ামী লীগ তার প্রতিবাদ জানালে সংঘর্ষ বাধে। এ সময় রামগতি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন, ছাত্রলীগ নেতা সাদ্দাম, লিটন, আকবর হোসেন, আরিফ, মিরাজসহ ১২ জন আহত হন। তাদের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
তবে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান জানান, শহীদ বেদিতে ফুল দিতে যাওয়ার পথে বিএনপির ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীদের ওপর আওয়ামী লীগ হামলা করে। এ সময় ৮টি মোটরসাইকেল ভাঙচুর ও উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও তছনছ করা হয়েছে। ঘটনায় ৮ নেতা কর্মী আহত হয়েছে।
তিনি আরও জানান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও পৌর কমিশনার দিদারুল আম খন্দকারকে আটক করে পুলিশ। প্রতিবাদে ছাত্রদল ও যুবদলসহ বিএনপির নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।
রামগতি থানার ওসি মো. আলমগীর জানান, পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য দুজনকে আটক করা হয়েছে। অশালীন স্লোগানে তারা জড়িত কিনা তা দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
