‘অযৌক্তিক ও খোঁড়া অজুহাতে’ ডাকা বামজোটের হরতালে চলবে গণপরিবহন

আপডেট : ২৬ মার্চ ২০২২, ০৭:৩১ পিএম

আগামী ২৮ মার্চে বাম গণতান্ত্রিক ঐক্যজোটের ডাকা হরতালের দিন ঢাকা শহর এবং আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চলবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

এর সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহর পক্ষ থেকে শনিবার (২৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাম গণতান্ত্রিক ঐক্যজোটের ডাকা আগামী ২৮ মার্চের হরতালের ব্যাপারে আলোচনা করার জন্য ঢাকার পরিবহন মালিক-শ্রমিকদের এক যৌথ সভা ডাকা হয়। সভাটি শনিবার বিকেলে ঢাকা সড়ক পরিবহন সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

এতে বলা হয়, সভায় সায়েদাবাদ, মহাখালী, ফুলবাড়িয়া বাস টার্মিনালের মালিক-শ্রমিক নেতাসহ ঢাকার প্রায় সব পরিবহন কোম্পানি এবং রুট মালিক সমিতির নেতা এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী উপস্থিত ছিলেন।

সভায় পরিবহন নেতারা বলেন, অযৌক্তিক ও খোঁড়া অজুহাতে ডাকা এ হরতাল মালিক-শ্রমিকরা কখনো সমর্থন করে না। হরতাল উপেক্ষা করে আগামী ২৮ মার্চ ঢাকা শহর, শহরতলী এবং আন্তঃজেলার সব রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। হরতালের দিন গাড়ি চলাচল যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে আগামী ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোট দেশব্যাপী অর্ধদিবস হরতাল ডেকেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত