ফুটপাথে ঘুমানোর জায়গা দখল নিয়ে মারামারিতে যুবক নিহত

আপডেট : ২৬ মার্চ ২০২২, ০৯:৫৪ পিএম

ফুটপাতে ঘুমানোর জায়গা দখল নিয়ে দুই ভবঘুরের মারামারিতে মাসুদ (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রাসেলকে (২৫) আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

এ বিষয়ে শাহবাগ থানার এস আই  খন্দকার সেলিম শাহরিয়ার দেশ রূপান্তরকে জানান, সকাল ৯টার দিকে খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের বিপরীত পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ সংলগ্ন ফুটপাত থেকে মাসুদকে উদ্ধার করা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথাসহ শরীরের কিছু জায়গা আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরো জানান, মাসুদ মাদকাসক্ত ও ভবঘুরে। ফুটপাতে ঘুমাতো। শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের বিপরিত পাশে কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন ফুটপাতে শুয়েছিল। তখন রাসেল নামে আরেক ভবঘুরে রিকশাচালক তার সঙ্গে মারামারি করে। তখন রাসেল দাবি করে, ওই জায়গায় সে নিজে প্রতিদিন ঘুমায়। তার ঘুমানোর জায়গা দখল করেছে সে। শনিবার সকালে রাসেল আবার এসে দেখে মাসুদ একই জায়গায় ঘুমাচ্ছে। পরে তাদের দুজনের মধ্যে আবার হাতাহাতি হয়। একপর্যায়ে নারিকেলের ছড়া দিয়ে মাসুদের মাথায় আঘাত করে সে। এ ছাড়া ঘুষি মারে। এতে অচেতন হয়ে পড়ে মাসুদ।

পুলিশ জানায়, ঘটনার পরপরই রাসেলকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। আশপাশের অন্য ভবঘুরের মাধ্যমে নিহতের নাম মাসুদ বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত