রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক চিকিৎসক নিহত হয়েছেন। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ছিনতাইকারী ছিল।
রবিবার ভোর ৫টার দিকে শেওড়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আহমেদ বুলবুল ডেন্টিস্ট ছিলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর ডিভিশন উপকমিশনার মাহতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মাহতাব উদ্দিন জানান, ভোর ৫টার দিকে শেওড়াপাড়া এলাকায় অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে ডা. বুলবুল গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আমরা ঘটনাটি তদন্ত করছি এবং কারা তাকে ছুরিকাঘাত করেছে তা খুঁজে বের করছি।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
