ভোলার চরফ্যাশন বাজারে আগুনে ১২ দোকান ছাই

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০১:১৪ পিএম

ভোলার চরফ্যাশন উপজেলা শহরে শরীফ পাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে।

রবিবার ভোর রাত ৪টার দিকে ওই এলাকায় ইয়াকুব মিয়ার মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে।

এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাতে ইয়াকুব মার্কেটের একটি স্টিলের আলমারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের টিনশেড দোকানগুলোতে।

খবর পেয়ে চরফ্যাশন ও লালমোহন ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক মনির উদ্দিন চাষী জানান, আগুনে ১২টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে ফায়ার সার্ভিস কর্মীরা প্রাথমিকভাবে জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি ৫০ লাখ টাকা হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত