বুড়িগঙ্গায় লঞ্চের আগুন নিয়ন্ত্রণে, তদন্তে কমিটি

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০২:৫৭ পিএম

রাজধানীর সদরঘাটে টার্মিনালে অ্যাডভেঞ্চার– ৯ নামে যাত্রীবাহী লঞ্চের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. ওহিদুল ইসলাম বলেন, আমাদের ৭টি ইউনিটের ৯৯ জন কর্মী আগুন নেভাতে কাজ করে। বেলা ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পরে অগ্নিকাণ্ডের আসল কারণ সম্পর্কে জানা যাবে।

এর আগে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে টার্মিনালের ৩নং পন্টুনে নোঙর করা অবস্থায় লঞ্চটির দ্বিতীয় তলার ভিআইপি কেবিন থেকে আগুনের সূত্রপাত ঘটে।

অগ্নিকাণ্ডে লঞ্চের দ্বিতীয় তলার সবগুলোসহ তৃতীয় তলার বেশ কয়েকটি কেবিন পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, লঞ্চটি ভোর ৫টায় বরিশাল থেকে সদরঘাটে এসে নোঙর করে। এরপর লঞ্চের সকল যাত্রীরা নেমে গেলে লঞ্চটি ধোয়া মোছার কাজ করছিলেন স্টাফরা। বেলা ১০টা ২৫ মিনিটে হঠাৎ করে দ্বিতীয় তলার ভিআইপি কেবিন থেকে ধোয়ার কুণ্ডলী বের হতে থাকে।

মুহূর্তের মধ্যে আগুন দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ১০টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে।

ফায়ার সার্ভিসের পাশাপাশি আশপাশের লঞ্চ থেকেও আগুন নেভানোর জন্য পানি ছিটানো হয়। ২ ঘণ্টা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সদরঘাট নৌ পুলিশের এসআই মো. শহিদুল আলম জানান, সকাল সাড়ে দশটায় আমরা খবর পাই লঞ্চে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে দেখি লঞ্চে দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়রা সহযোগিতা করে ১টার সময় আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নৌ পরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার (শিপ সার্ভে) মো. মাহাবুব হোসেন জানান, দ্বিতীয় তলার ভিআইপি কেবিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি হয়তো বা এসির গ্যাস লাইন, কিংবা অন্য কিছু থেকেও আগুন লাগতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত