চাকরি রক্ষায় মৎস্য অধিদপ্তরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের ৫১২ কর্মাচারী রাজধানীতে মানববন্ধন করেছেন।
রবিবার সকালে মৎস্য ভবনের সামনে চাকরি রাজস্বকরণের দাবিতে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের হাতে স্মারকলিপি তুলে দেন ইউনিয়ন প্রকল্পের কর্মচারী কল্যাণ পরিষদের নেতারা।
সারা দেশ থেকে আসা কর্মীরা বলেন, তারা ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের রাজস্ব বাজেটের আওতায় সরাসরি নিয়োগ পেয়েছেন। ৫০০ জন ক্ষেত্র সহকারী ও অন্যান্য পদে ১২ জনসহ মোট ৫১২ জনবল ২০১৫-২০১৬ অর্থবছর থেকে সাত বছর ধরে দায়িত্ব পালন করছে। প্রকল্পের মেয়াদ আগামী ৩০ জুন শেষ হচ্ছে। ফলে মৎস্য উৎপাদনের ধারাবাহিকতা ব্যাহত হবে। বেকার হবে দক্ষ জনবল।
সংগঠনের সভাপতি মো. সাইদুর রহমান রহমান সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখে সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান, কোষাধ্যক্ষ সুমন হোসেন, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সাহিদা আরবি, ঢাকা বিভাগীয় সভাপতি রাকিবুজ্জামান ও খুলনা বিভাগীয় প্রতিনিধি শামীম রেজা প্রমুখ।
মো. সাইদুর রহমান বলেন, ইতিমধ্যে ৫১২টি পদ অন্তর্ভুক্ত করে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য মন্ত্রণালয়ের নির্দেশ থাকলেও তা কার্যকর হচ্ছে না। দীর্ঘ সাত বছর চাকরির পর এখন চাকরিচ্যুত হলে মাঝ বয়সে নতুন করে চাকরিতে প্রবেশের সুযোগ থাকবে না। চাকরি স্থায়ীভাবে জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। আগামী মাসের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন তিনি।
