‘খিচুড়ি পার্টিতে’ রাজাকার থাকতে পারে, কিন্তু আ. লীগে কেন: প্রশ্ন মঞ্জুর

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৯:০৩ পিএম

বিএনপি-জাতীয় পার্টিকে ‘খিচুড়ি পার্টি’ আখ্যা দিয়ে এইসব দলে রাজাকার থাকতে পারে বলে মন্তব্য করে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু প্রশ্ন রেখেছেন, ‘কিন্তু আওয়ামী লীগের মতো একটা দলে কেন (রাজাকার) থাকবে?’

আওয়ামী লীগে রাজাকার আছে বলে অভিযোগ করেন তিনি। এই অভিযোগ তোলার সময় তিনি তার নিজ জেলা পিরোজপুরের কথা উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, ‘আমরা কথায় কথায় বলি-রাজাকারের সঙ্গে আপস হবে না। রাজাকারের দল আছে আর আপনার দলের কমিটিতেই আছে (রাজাকার)। অন্য জেলার কথা আমি জানি না, আমি তো আমার জেলার (পিরোজপুর) কথা জানি। আগে নিজের চেহারা আয়নায় দেখুন।’

রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নিজের দলের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও ইন্দুরকানী) আসনের এমপি আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘এই কথার সঙ্গে কোনো দ্বিমত হবে না, তাদের সঙ্গে আমাদের চিন্তার মিল নেই, রাজনীতির মিল নেই, আদর্শের মিল নেই। এ প্রজন্মের ছেলেপেলে। তারা তো এগুলো জানে না। তারা খালি শোনে ধর্ষণ।’

জেপি চেয়ারম্যান বলেন, ‘স্বাধীনতার ৫১ বছরে যেসব আলোচনা এখন আমরা করি, আমি মনে করি, সময়ক্ষেপণ করছি।’

অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ শাজাহান খানকে উদ্দেশ করে আনোয়ার হোসেন বলেন, ‘শাজাহান খান বা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আমার দ্বিমত হয় না। আমি যখন ভাবি, জাতীয় পার্টি বা বিএনপি খিচুড়ি পার্টি; এসব দলের কমিটিতে তারা (রাজাকাররা) থাকতে পারে। কিন্তু আওয়ামী লীগের মধ্যে কেমন করে আছে? ছাত্রলীগের মধ্যে কেমন করে আছে? যুবলীগের মধ্যে কেমন করে আছে? শাজাহান খান, জবাব দিয়ে যেতে হবে।’

শাজাহান খানও অনুষ্ঠানে বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত