স্ত্রীকে নিয়ে রসিকতা: অস্কারের সঞ্চালককে চড় সেরা অভিনেতার

আপডেট : ২৮ মার্চ ২০২২, ১১:৫৪ এএম

সবকিছু ছাপিয়ে ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চ কাঁপিয়ে দিল একটি চড়! তাও কিনা সেরা অভিনেতার পুরস্কারজয়ী আক্রমণ করে বসলেন সঞ্চালককে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টায় বসে এবারের আসর।

সারা বিশ্বের কোটি কোটি দর্শক টিভিতে দেখেছে, স্ত্রীকে নিয়ে চটুল রসিকতার ‘শাস্তি’ হিসেবে সোজাসুজি অস্কারের মঞ্চে উঠে গিয়ে সঞ্চালক কমেডিয়ান ক্রিস রককে সপাটে চড় মেরেছেন উইল স্মিথ। ঘটনাচক্রে এর কিছুক্ষণের পর ‘কিং রিচার্ড’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান তিনি।

সাধারণত যা হয়, অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সঞ্চালক ক্রিস নানা ধরনের রসিকতা করছিলেন। তার মধ্যেই একটি রসিকতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন স্মিথের স্ত্রী জা়ডা পিঙ্কেট। সঞ্চালনা করতে করতেই ক্রিস বলেন, ‘আমি জি আই জেন-এর সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছি।’ দর্শকাসনে একেবারে সামনের সারিতে সবুজ গাউন পরিহিতা জাডা ওই মন্তব্য শুনে দৃশ্যতই অসন্তুষ্ট হন। তার মুখভঙ্গিতে তা স্পষ্ট বোঝাও যাচ্ছিল।

এর পরেই নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ান স্মিথ। লম্বা লম্বা পায়ে এগিয়ে যান মঞ্চের দিকে। মঞ্চে উঠে কোনো বাক্যব্যয় না-করে ডানহাতে সপাটে ক্রিসের বাঁ-গালে একটি চড় কষান! আচমকা চড়ের অভিঘাতে ক্রিস খানিকটা হকচকিয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি বিষয়টি সামলে নেন। স্মিথ কোনো বাক্যব্যয় করেননি। এক ঝলকে মনে হয়েছিল, পুরো বিষয়টি সম্ভবত ‘সাজানো’। কিন্তু তার পরেই বোঝা যায়, এটা ‘সাজানো ঘটনা’ নয়। কারণ, নিজের আসনে ফিরে আবার চিৎকার করে স্মিথ বলতে থাকেন, ‘তোমার (নোংরা) কথা থেকে আমার স্ত্রীকে দূরে রাখো!’ ক্রিসের উদ্দেশ্যে গালিও ব্যবহার করেন ক্রুদ্ধ স্মিথ।

এর আগেও ২০১৬ সালে সঞ্চালনার সময়ে পিঙ্কেটকে নিয়ে রসিকতা করেছিলেন ক্রিস। এবারও তিনি বোঝাতে যান, রসিকতাই করছিলেন। তার চেয়ে বেশি কিছু নয়। কিন্তু স্মিথকে থামানো যায়নি।

১৯৯৭ সালের ছবি ‘জি আই জেন’-এ নায়িকার চরিত্রে অভিনেত্রীর মাথায় চুল কম থাকা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। স্মিথের স্ত্রী জাডার মাথাতেও চুল কম। সে কারণেই সম্ভবত রসিকতা করে জাডাকে ‘জি আই জেন ২’-এর নায়িকার ভূমিকায় দেখার বাসনার ইঙ্গিত করেন ক্রিস।

প্রসঙ্গত, ‘অ্যালোপেশিয়া’ নামে একটি রোগে আক্রান্ত উইল স্মিথের ঘরনি জাডা। এই রোগের শিকার হলে মাথার চুল পড়ে যায়। জাডার ক্ষেত্রেও তেমনই হয়ে থাকবে। কিন্তু স্ত্রীর অসুস্থতা নিয়ে অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রসিকতা করাতেই মেজাজ হারান স্মিথ।

অস্কারের মঞ্চে অনুষ্ঠানে এমন নজিরবিহীন ঘটনার পরে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে সম্মানিত হন স্মিথ। ধন্যবাদ জ্ঞাপক ভাষণে তিনি বারবার নিজের পরিবারকে ‘আগলে রাখার’ করার কথা বলেন। আমেরিকার টেনিস তারকা দুই বোন ভেনাস ও সেরিনা উইলিয়ামসের বাবার ভূমিকার ওই ছবিতে অভিনয় করেছেন স্মিথ। ধন্যবাদজ্ঞাপক ভাষণে তিনি বলেন, ‘যেভাবে ভেনাস-সেরিনার বাবা তাদের এবং তাদের পরিবারকে আগলে রেখেছিলেন, তা প্রত্যেক মানুষের কর্তব্য। আমি এটা শিখেছি।’’ অনেকেরই ধারণা, স্ত্রীকে ‘আগলে রাখার’ দিকেই ইঙ্গিত করেছেন স্মিথ।

জানা গেছে, পরে এ ঘটনার জন্য ক্রিস রকের কাছে দুঃখ প্রকাশ করেছেন উইল স্মিথ।

এ দিকে লস অ্যাঞ্জেলসের পুলিশ বিভাগ জানান, বিষয়টি তারা জানতে পেরেছেন। তবে এ নিয়ে কোনো অভিযোগ পাননি তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত