যৌতুক: গৃহবধূ নির্যাতনের অভিযোগে মামলা

আপডেট : ২৮ মার্চ ২০২২, ০৫:০২ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পল্লিতে যৌতুকের কারণে ডায়না ইসলাম (২০) গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে।

যৌতুকের কারণে নির্যাতনের অভিযোগে স্বামী ও শ্বশুরবাড়ির পরিবারের বিরুদ্ধে আজ সোমবার থানায় মামলা করেছেন ওই গৃহবধূ।

এর আগে নির্যাতনে আহত ওই গৃহবধূকে গতকাল রবিবার  সন্ধ্যায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে পুলিশ।

এজাহার সূত্রে জানা গেছে, ২১ মাস পূর্বে উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দরাকুটি নদীপাড় গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে ডায়না ইসলাম হাসির সঙ্গে একই উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের সোহেল রানার (২৫) বিয়ে হয়। বিয়ের সময় নগদ দুই লাখ টাকা প্রদান করে ডায়নার বাবা।

এজাহারে আরো বলা হয়েছে, আরও তিন লাখ টাকা যৌতুকের দাবি তুলে এই গৃহবধূকে স্বামী, শ্বশুর আব্দুল আজিজ ও শাশুড়ি লাভলী বেগম নির্যাতন করেন। দিন দিন নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। রবিবারও শারীরিকভাবে নির্যাতন চালানো হয়।

বাহাগিলি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সুজাউদ্দোলা লিপটন বলেন, ওই নির্যাতনের খবর পেয়ে বিষয়টি আমি থানা-পুলিশকে অবগত করি। পুলিশ আহত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব কুমার মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত