আইজিপি-ডিএমপি কমিশনারের বক্তব্য প্রত্যাহার দাবি

আপডেট : ২৯ মার্চ ২০২২, ০৪:২৬ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে আইজিপি ড. বেনজীর আহমেদ ও ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। রিজভী বলেন, ‘তাদের বক্তব্যে গোটা জাতি হতবাক। এর মাসুল জনগণের কাছে একদিন দিতে হবে।’

আইজিপি ও ডিএমপি কমিশনারকে তাদের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে রিজভী বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদরা বিএনপি সম্পর্কে মিথ্যাচার-অপপ্রচার চালানোর পরও হয়তো পুলিশ কর্মকর্তারা আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে ‘লিপ সার্ভিস’ দিচ্ছেন। প্রশাসনের যেসব কর্মকর্তা বক্তব্য-মন্তব্যে নিজেদের আওয়ামী লীগারদের চেয়েও বড় আওয়ামী লীগার প্রমাণ করতে চান তারাই আওয়ামী লীগের বিপদের কারণ হয়ে উঠবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত