কারিগরি শিক্ষা বিশ্ববিদ্যালয় ডিগ্রি থেকেও গুরুত্বপূর্ণ: সালমান এফ রহমান

আপডেট : ২৯ মার্চ ২০২২, ০৬:১৯ পিএম

দেশে বিভিন্ন খাতে যোগ্য লোকের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

মঙ্গলবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের এক অনুষ্ঠানে তিনি বলেন, আমার অভিজ্ঞতা বলে, বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ আছে। বস্ত্র খাত লোক পাচ্ছে না, ‍ওষুধ খাত লোক পাচ্ছে না, কৃষি খাত লোক পাচ্ছে না। দেশে অনেক ধরনের সুযোগ তৈরি হচ্ছে। মানুষ পণ্য খাত থেকে সেবা খাতে চলে যাচ্ছে। আইটি খাতে চলে যাচ্ছে।

তিনি বলেন, বেকারত্ব আছে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীদের, এটা তাদের সমস্যা। তারা এ ডিগ্রি নেয়ার আগে কি ক্যারিয়ার প্ল্যানিং করেছিল? আমাদের বেশি বেশি কারিগরি শিক্ষা দিতে হবে। কারিগরি শিক্ষা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থেকেও বেশি গুরুত্বপূর্ণ। এ সমস্যা সমাধানে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার।

ব্যবসায়ীদের উন্নত কর্মপরিবেশ তৈরি এবং নিয়ম-নীতি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে যে কোনো খাতে ব্যবসা করতে গেলে অবশ্যই নিয়ম-কানুনগুলো মেনে চলতে হবে। আপনি যদি কমপ্লায়েন্ট না হন, তাহলে আপনি বাংলাদেশে ব্যবসা করতে পারবেন না। সময় আসছে, যখন বাংলাদেশের মানুষ পণ্য কেনার সময় দেখে ‍কিনবে যে কোন কোম্পানি ভালোভাবে আইন কানুন মানছে।

কর্মক্ষেত্রকে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত করার মাধ্যমে কর্মক্ষমতা বাড়ানোর উপায় নিয়ে এ কর্মশালার আয়োজন করে এফবিসিসিআই ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত