পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ মালয়েশিয়ার পুলিশ প্রধান ইন্সপেক্টর জেনারেল তান শ্রি অ্যাক্রিল সানি বিন হাজ আবদুল্লাহ সানির সঙ্গে বৈঠক করেছেন।
মালয়েশিয়ায় চার দিনের ‘ডিফেন্স সার্ভিসেস এশিয়া ২০২২ এবং ন্যাশনাল সিকিউরিটি এশিয়া ২০২২’ প্রদর্শনীতে অংশ নিতে সোমবার মালয়েশিয়ায় যান তিনি।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার বৈঠকে আইজিপি মালয়েশিয়ার পুলিশ প্রধানকে উভয় দেশের মধ্যে বর্তমান প্রশিক্ষণ সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। দুই দেশের পুলিশের মধ্যে সক্ষমতা বৃদ্ধি, রিয়েল টাইম ইন্টেলিজেন্স শেয়ারিং, কাউন্টার টেররিজম এবং সাইবার ক্রাইম দমনে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে সম্মত হন তারা।
