স্ত্রীর সঙ্গে রাগ করে তিনমাসের শিশুকে কিলঘুষিতে হত্যা বাবার

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০৯:৩৮ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গা থানার সলঙ্গা ইউনিয়নের চৌবিলা গ্রামের মো. রঞ্জু (৩০) নামের এক বাবার বিরুদ্ধে স্ত্রীর ওপর রাগ করে জান্নাতি খাতুন তিন মাসের কন্যাশিশুকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে নিজ বাড়িতে তিনি মাথায় আঘাত করে শিশুটিকে হত্যা করেন।

সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সলঙ্গা থানার এসআই আব্দুল খালেক জানান, অভিযুক্ত রঞ্জু একজন মাদকাসক্ত। ঢাকার একটি গো-খামারে শ্রমিকের কাজ করেন। দুই বছর আগে উল্লাপাড়া উপজেলার বাঙাগালা ইউনিয়নের ভয়নগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে নাজনিন নাহারকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর একপর্যায়ে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নাজনিন নাহারকে বাবার বাড়ি পাঠিয়ে দেন।

শিশু জান্নাতি জন্মের পর উভয় পক্ষের মধ্যে সালিস বৈঠকে পুনরায় সংসার করার শর্তে গত মঙ্গলবার নাজনিনকে তার বাড়িতে নিয়ে আসেন। কিন্তু এ দিন দুপুর সাড়ে ১২টার দিকে শিশু জান্নাতিকে কোলে নিয়ে মাথায় এলোপাতাড়ি কিল ও ঘুষি মারতে থাকেন। এতে শিশুটির মৃত্যু হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত রঞ্জু পলাতক আছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এসআই আব্দুল খালেক বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা নাজনিন বাদী হয়ে সলঙ্গা থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত