নিয়মিতই নানামাত্রিক চরিত্রে কাজ করে যাচ্ছেন অভিনেত্রী অহনা। কখনো রাগী প্রেমিকা, কখনো বাড়ির মিষ্টি লক্ষ্মী আদুরে বউ কখনো বা ঝগড়াটে নারী। এসব চরিত্র দিয়ে দর্শকের মনে বিনোদন ছড়িয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় সম্প্রতি কাজ করলেন ‘মফিজের সুন্দরী বউ’ নামের একটি নাটকে। এই নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। পরিচালকের গল্পে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আশাজ যুবায়ের । নাটকে অহনার বিপরীতে কাজ করছেন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম খ্যাত জাহের আলভী। দু’জনেরই জুটি হয়ে এটাই প্রথম কাজ। এছাড়া আরো অভিনয় করেছেন- তানভীর মাসুদ, প্রীতি আলভী, সাবিহা জামান, ওয়াসিম ইমদাদ, টাইগার মামুন, তাহসিন খায়ের রবিন, এ আর উজ্জ্বল ও ইমরান হাসো। নাটকটি প্রচার হবে শুক্রবার রাত ৮টায় আরটিভিতে এবং ২ এপ্রিল শনিবার বিকাল ৪টায় আরটিভি ইউটিউব চ্যানেলে ‘মফিজের সুন্দরী বউ’ প্রকাশ হবে।
জাহের আলভী বলেন, পরিচালক জিয়াউদ্দিন আলম ভাইয়ের সাথে আমার প্রথম কাজ ‘মফিজের সুন্দরী বউ’। তার সঙ্গে আমার অনেক দিন চেনা কিন্তু কাজ করা হয়ে উঠেনি। এই প্রথম আলম ভাইয়ের পরিচালনায় কাজ করার সুযোগ হয়েছে। খুবই মেধাবী একজন পরিচালক ও একজন ভালো মানুষ। চরিত্র নিয়ে কিছু বলতে চাই না। দর্শক নাটকটি দেখে ভালো না লাগলে এমবির টাকা ফেরত দিবো এই গ্যারান্টি দিতে পারি। আমার অভিনীত ভালো নাটকের তালিকায় ‘মফিজের সুন্দরী বউ’ যুক্ত হবে। বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিলাম।
পরিচালক জিয়াউদ্দিন আলম জানান, আমার পরিচালনায় প্রথম নাটক ‘হাসো আনলিমিটেড’ এর নায়িকা ছিলেন অহনা রহমান। এর পরে ২০১৩ সালে তাকে নিয়ে নির্মাণ করি টেলিফিল্ম ‘ভালোতো ভালো না’। দীর্ঘ ৮ বছর পরে আবারও অহনাকে নিয়ে নতুন নাটক নির্মাণ করলাম। এছাড়া অহনা এবং জাহের আলভী মনযোগ দিয়ে কাজটি করেছে। আমার বিশ্বাস ভালো একটি কাজ বের হবে।
অহনা বলেন, পরিচালক জিয়াউদ্দিন আলম আমার বড় ভাই। তার সঙ্গে আমার অনেক দিন পরে কাজ হচ্ছে। প্রায় ৮ বছর পর কাজ হচ্ছে। আমার ক্যারিয়ারের শুরু থেকেই ওনাকে আমি চিনি। ক্যারিয়ারের শুরুতে তিনি আমাকে অনেক জায়গায় কাজের জন্য রেফার করেছেন তার জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞ। আর এই নাটকের ক্যারেক্টারটা একটু রুঢ কিন্তু সৎ একটা মেয়ে। যেটা মানে ভালো লাগে না। এমন একটা চরিত্র। এই গল্প নিয়ে যখন কথা হয়েছিলো তখন গল্প ও চরিত্র ভালো লেগে যাওয়াতে আর না করার সুযোগ নেই। আশা করছি, অনেক ভালো একটা কাজ হয়েছে। এছাড়া আমার আলম ভাইয়ের উপর ভরসা ছিলো ,আছে এবং থাকবে।’
