পিএসভির নতুন প্রধান কোচ হচ্ছেন নিস্তেলরুই

আপডেট : ৩১ মার্চ ২০২২, ০৪:৩১ পিএম

ডাচ ক্লাব পিএসভি আইন্দোভেনের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার রুদ ফন নিস্তেলরুই। কোচিং ক্যারিয়ারে এবারই প্রথম সিনিয়র দলের দায়িত্ব নিচ্ছেন তিনি।

চলতি মৌসুমের পর পিএসভির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে রজার স্কেমিদেতের। ৫৫ বছর বয়সী এই জার্মান কোচের স্থলাভিষিক্ত হচ্ছেন নিস্তেলরুই। পিএসভির কোচ হিসেবে নিয়োগ পেয়ে উচ্ছ্বসিত নিস্তেলরুেই। ৪৫ বছর বয়সী কোচ বলেন, ‘আমার সব সময় স্বপ্ন ছিল পিএসভির প্রধান কোচ হওয়া।’

১৯৯৮-২০০১ পর্যন্ত পিএসভির জার্সিতে ৬৭ ম্যাচে ৬২ গোল করেছেন নিস্তেলরুই। এরপর ইউনাইটেডের হয়ে পাঁচ বছর সফল অধ্যায় কাটান এই সাবেক ডাচ তারকা। রেড ডেভিলদের হয়ে প্রিমিয়ার লিগও জিতেছেন তিনি।

সাবেক ডাচ স্ট্রাইকার নিস্তেলরুই ইংল্যান্ডে থাকাকালীন এফএ কাপ ও লিগ কাপও জিতেছেন। এরপর রিয়াল মাদ্রিদদের হয়ে জেতেন দুটি লা লিগা।

২০১২ সালে বুটজোড়া তুলে রাখার পর নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে দুই মেয়াদ সহকারী কোচের দায়িত্ব পারণ করেন নিস্তেলরুই। পিএসভির যুব ও রিজার্ভ দলেরও দায়িত্ব পালন করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত