নেত্রকোনা জেলা শাখার ছাত্রলীগের সহসভাপতি মীর সাজেদুর রহমান ছোটনকে (২৪) কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
তিনি নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং নেত্রকোনা পৌরশহরের ছোটগাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মীর আ. মালেকের ছোট ছেলে।
আহত ছাত্রলীগে নেতা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর মামাতো ভাই মো. আব্দুল্লাহ জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ছোটন বাসায় ফেরার সময় তাদের বাসার গেটের সামনে মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরিহিত অবস্থায় দুর্বৃত্তরা মুখ চেপে ধরে।
পরে শরীরে কোপ দিলে তা ফেরাতে গেলে ডান হাতের দুটি আঙুল কেটে পড়ে যায়। মাথায় দুই পাশে কোপ দেয় এবং পেটের বাম পাশে স্টেব করা হয়েছে।
তাকে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করে নেত্রকোনা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক।
মমেক হাসপাতালে আঘাতপ্রাপ্ত স্থানে সেলাইয়ের পরে অবজারভেশন রুমে রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ‘রাতে ছোটগাড়া থেকে ফেরার পথে নিজে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। ঘটনার পেছনে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করা দেখা হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
