নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি যাত্রীবাহী গাড়িতে ডাকাতিকালে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
এ ছাড়া ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ৫ জন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চাঁন টেক্সটাইল-ছনপাড়া সড়কের স্বর্ণখালী বাজার এলাকায় ঘটে এ ঘটনা।
আটক ডাকাতের নাম রাসিম। তার বাড়ি উপজেলার গুতুলিয়া গ্রামে। বাবার নাম আলাউদ্দিন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঢাকা এয়ারপোর্ট থেকে যাতায়াত করার জন্য সহজ সড়ক হিসেবে এশিয়ান হাইওয়ে সড়ক হয়ে চাঁন টেক্সটাইল থেকে ছনপাড়া সড়কযোগে ঢাকা-সিলেট মহাসড়কটিতে প্রবেশ করেন। এর জন্য প্রায় সময়ই গভীর রাতে চাঁন টেক্সটাইল-ছনপাড়া সড়কের স্বর্ণখালী বাজার এলাকায় ডাকাতদল অবস্থান করে।
শক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিদেশ ফেরত যাত্রীবাহী একটি গাড়ি গতিরোধ করে ডাকাতির চেষ্টা চালায় ১০ থেকে ১২ জনের একদল ডাকাত।
এ সময় গাড়িতে থাকা তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়। স্বর্ণখালী বাজারে ডাকাতি হচ্ছে এমন খবরে স্থানীয় এলাকাবাসী একত্রিত হয়ে ডাকাতদের ধাওয়া করে। একপর্যায়ে ডাকাতদের হামলায় আতিকুর ও রাজ্জাক আহত হন। এ সময় রাসিম নামের এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশের কাছে ওই ডাকাতকে সোপর্দ করা হয়।
ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান বলেন, অভিযুক্তকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
