নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘সরকার মন্ত্রী-এমপিদের লাজ লজ্জা নেই। তাদের কোনো দয়া মায়াও নেই। কেউ না খেয়ে মারা গেলে ওরা বলবে পেটের অসুখে মারা গেছে।’
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত প্রতীকী অনশনে সংহতি জানিয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, ‘সরকারের ১০ টাকা কেজি চাল খাওয়ানোর কথা ছিল। সেই চালের দাম এখন ৭০ টাকা। তারপরও সরকারের লজ্জা নেই। তারা বলে দাম বেড়েছে সমস্যা নেই, মানুষের কেনার ক্ষমতা আছে, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। মানুষের ক্রয় ক্ষমতা যদি বাড়ে তাহলে মানুষ ভ্রমণ করতে দেশের বাইরে যায়, টিসিবির ট্রাকের পেছনে লাইন দেয় না।’
তিনি বলেন, ‘বাণিজ্যমন্ত্রী বলেছেন, আগে কখনো মানুষকে প্যান্ট-শার্ট পড়ে টিসিবির গাড়ির পেছনে লাইন দিতে দেখিনি। তারপরও এক মন্ত্রী বলেন, ক্রয় ক্ষমতা তিনগুণ বেড়েছে।’
মান্না বলেন, ‘দেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ, ১৭ কোটি মানুষের প্রিয় মানুষ খালেদা জিয়া। যখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তখন এতটুকু মায়া তারা দেখায়নি। ওদের কোনো দয়া মায়া নাই। তাই এমন আন্দোলন করতে হবে ওরা যেন পদত্যাগ করতে বাধ্য হয় এবং পালাবার পথ না পায়।’
